ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি । এবার কঠিন হয়ে থাক্-না ওরে, বক্ষোদুয়ার আঁটি- জোরে বক্ষোদুয়ার আঁটি ।। পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে মিথ্যে অকাজে- ওরে নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি, পথের কতই বাধা কাটি ।। দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা তারা চার দিকে- তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় না কি বুক ফাটি, লাজে যায় না কি বুক ফাটি ?। দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে- তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি- কেবল করিস ঘাঁটাঘাঁটি ।।