ছি ছি সখা, কী করিলে, কোন্ প্রাণে পরশিলে- কামিনীকুসুম ছিল বন আলো করিয়া । মানুষ-পরশ-ভরে শিহরিয়া সকাতরে ওই-যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়া । জান তো কামিনী-সতী কোমল কুসুম অতি- দূর হতে দেখিবার, ছুঁইবার নহে সে । দূর হতে মৃদু বায় গন্ধ তার দিয়ে যায়, কাছে গেল মানুষের শ্বাস নাহি শে সে । মধুপের পদক্ষেপে পড়িতেছে কেঁপে কেঁপে, কাতর হতেছে কত প্রভাতের সমীরে । পরশিতে রবিকর শুকাইছে কলেবর, শিশিরের ভরটুকু সহিছে না শরীরে । হেন কোমলতাময় ফুল কি না ছুঁলে নয়- হায় রে কেমন বন ছিল আলো করিয়া । মানুষ-পরশ-ভরে শিহরিয়া সকাতরে ওই-যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়া ।।