দাঁড়াও আমার আঁখির আগে। তোমার দৃষ্টি হৃদয়ে লাগে।। সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।। এই-যে ধরণী চেয়ে ব'সে আছে ইহার মাধুরী বাড়াও হে। ধুলায়-বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ দাঁড়াও হে। যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে। দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।।