← সব গানদেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব
পর্যায়: পূজা ও প্রার্থনা
দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব ।
শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব ।।
জগতের যত কবি গ্রহ তারা শশী রবি
অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব ।
কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,
না জানি করেছে পান কী মহা অমৃতধারা ।
না জানি কাহার কাছে ছুটে তারা চলিয়াছে-
আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব ।
দেখ্ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময় ।
দেখ্ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয় ।
আঁখি মোর কার দিকে চেয়ে আছে অনিমিখে-
কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব ।।