দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী আসিল যত বীরবৃন্দ আসন তব ঘেরী । দিন আগত ওই, ভারত তবু কই ? সে কি রহিল লুপ্ত আজি সব-জন পশ্চাতে ? লউক বিশ্বকর্মার মিলি সবার সাথে । প্রেরণ কর' ভৈরব তব দুর্জয় আহ্বান কে, জাগ্রত ভগবান হে ।। বিঘ্নবিপদ দুঃখদহন তুচ্ছ করিল যারা মৃত্যুগহন পার হইল, টুটিল মোহকারা । দিন আগত ওই, ভারত তবু কই ? নিশ্চল নির্বীযবাহু কর্মকীর্তিহীনে ব্যর্থশক্তি নিরানন্দ জীবনধনদীনে প্রাণ দাও, প্রাণ দাও, দাও দাও প্রাণ হে, জাগ্রত ভগবান হে ।। নূতনযুগসূর্য উঠিল, ছুটিল তিমিররাত্রি, তব মন্দির-অঙ্গন ভরি মিলিল সকল যাত্রী । দিন আগত ওই ভারত তবু কই ? গতগৌরব, হৃত-আসন, নতমস্তক লাজে- গ্লানি তার মোচন কর' নরসমাজমাঝে । স্থান দাও, স্থান দাও, দাও দাও স্থান হে, জাগ্রত ভগবান হে ।। জনগণপথ তব জয়রথচক্রমুখর আজি, স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি । দিন আগত ওই ভারত তবু কই ? দৈন্যজীর্ণ কক্ষ তার, মলিন শীর্ণ আশা, ত্রাসরুদ্ধ চিত্ত তার, নাহি নাহি ভাষা । কোটিমৌনকন্ঠপূর্ণ বাণী কর' দান হে, জাগ্রত ভগবান হে ।। যারা তব শক্তি লভিল নিজ অন্তরমাঝে বর্জিল ভয়, অর্জিল জয়, সার্থক হল কাজে । দিন আগত ওই ভারত তবু কই ? আত্ম-অবিশ্বাস তার নাশ' কঠিন ঘাতে, পুঞ্জিত অবসাদভার হান' অশনিপাতে । ছায়াভয়চকিতমূঢ় করহ পরিত্রাণ হে, জাগ্রত ভগবান হে ।।