গীতবিতান
← সব গান

আমার সকল দুখের প্রদীপ

পর্যায়: পূজা

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন - আমার ব্যথার পূজা হয় নি সমাপন ।। যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন - আমার ব্যথার পূজা হবে সমাপন ।। অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভ'রে । যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা, অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন - আমার ব্যথার পূজা হবে সমাপন।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08