← সব গানদিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন
পর্যায়: পূজা ও প্রার্থনা
দিবানিশি করিয়া যতন
হৃদয়েতে রচেছি আসন-
জগতপতি হে, কৃপা করি হেথা কি করিবে আগমন ।।
অতিশয় বিজন এ ঠাঁই, কোলাহল কিছু হেথা নাই-
হৃদয়ের নিভৃত নিলয় করেছি যতনে প্রক্ষালন ।
বাহিরের দীপ রবি তারা ঢালে না সেথায় করধারা-
তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণবরিষন ।
দূরে বাসনা চপল, দূরে প্রমোদ-কোলাহল-
বিষয়ের মান-অভিমান করেছে সুদূরে পলায়ন ।
কেবল আনন্দ বসি সেথা, মুখে নাহি একটিও কথা-
তোমারি সে পুরোহিত, প্রভু, করিবে তোমারি আরাধন-
নীরবে বসিয়া অবিরল চরণে দিবে সে অশ্রুজল,
দুয়ারে জাগিয়া রবে একা মুদিয়া সজল দু'নয়ন ।।