দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে- গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে ।। শুধাই যত পথের লোকে 'এই বাঁশিটি বাজালো কে'- নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে ।। এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে- পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে । বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে- তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে ।।