গীতবিতান
← সব গান

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না

পর্যায়: বিচিত্র

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি। কান্নাহাসির বাঁধন তারা সইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি।। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা- উড়ে গেল, সকল কথা কইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি।। স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে- সেই-যে আমার নানা রঙের দিনগুলি।। এত বেদন হয় কি ফাঁকি। ওরা কি সব ছায়ার পাখি। আকাশ-পারে কিছুই কি গো বইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15