দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে ।।
এ পথে যখন যাবে আঁধারে চিনিতে পাবে-
রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে ।।
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি ।
ভয় পাছে শেষ রাতে ঘুম আসে আঁখিপাতে,
ক্লান্ত কন্ঠে মোর সুর ফুরায় যদি রে ।।