দুখের বেশে এসেছ ব'লে তোমারে নাহি ডরিব হে । যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় ক'রে ধরিব হে ।। আঁধারে মুখ ঢাকিলে, স্বামী, তোমারে তবু চিনিব আমি- মরণরূপে আসিলে, প্রভু, চরণ ধরি মরিব হে । যেমন করে দাও-না দেখা তোমারে নাহি ডরিব হে ।। নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে । বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু-বাঁধনে হে । তুমি যে আছ বক্ষে ধরে বেদনা তাহা জানাক মোরে- চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে ।।