← সব গানদুখের কথা তোমায় বলিব না
পর্যায়: পূজা ও প্রার্থনা
দুখের কথা তোমায় বলিব না, দুখ ভুলেছি ও করপরশে ।
যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ, সুখে আছি, আছি হরষে ।।
আনন্দ-আলয় এ মধুর ভব, হেথা আমি আছি এ কী স্নেহ তব-
তোমার চন্দ্রমা তোমার তপন মধুর কিরণ বরষে ।।
কত নব হাসি ফুটে ফুলবনে প্রতিদিন নবপ্রভাতে ।
প্রতিদিন কত গ্রহ কত তারা তোমার নীরব সভাতে ।
জননীর স্নেহ সুহৃদের প্রীতি শত ধারে সুধা ঢালে নিতি নিতি,
জগতের প্রেমমধুরমাধুরী ডুবায় অমৃতসরসে ।।
ক্ষুদ্র মোরা তবু না জানি মরণ, দিয়েছ তোমার অভয় শরণ-
শোক তাপ সব হয় হে হরণ তোমার চরণদরশে ।
প্রতিদিন যেন বাড়ি ভালোবাসা, প্রতিদিন মিটে প্রাণের পিপাসা-
পাই নব প্রাণ- জাগে নব আশা নব নব নব-বরষে ।।