দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ ? ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ।। প্রাণ কারো সাড়া নাহি পায়, রবি শশী দেখা নাহি যায়, এ পথে চলে যে অসহায়- তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ।। সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়- দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায় । শুষ্ক নির্ঝরের ধারে রই, পিপাসিত প্রাণ কাঁদে ওই- অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো ।। কে আমার আত্মীয় স্বজন- আজ আসে, কাল চলে যায় । চরাচর ঘুরিছে কেবল- জগতের বিশ্রাম কোথায় । সবাই আপনা নিয়ে রয়, কে কাহারে দিবে গো আশ্রয়- সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ডাকো ।।