এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে । তার হৃদয়বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে ।। নিশীথরাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে, যে তান দিয়ে অবাক্ কর গ্রহশশীরে ।। যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে গানের টানে মিলুক এসে তোমার চরণে । বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি- একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে ।।