এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে । অবাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে ।। সকল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা, নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে ।। সকাল বেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে, সন্ধ্যাবেলা বাজায় বীণা কোন্ সুরে যে কেই বা জানে । পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না হারা, বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে ।।