গীতবিতান
← সব গান

এই তো ভালো লেগেছিল আলোর নাচন

পর্যায়: বিচিত্র

এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় । শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায় । রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে, ছোটো মেয়ে ধূলায় বসে খেলার ডালি একলা সাজায়- সামনে চেয়ে এই যে দেখি চোখে আমার বীণা বাজায় ।। আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন । আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন। নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পূরে- আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে ।। দূরে যাবার খেয়াল হলেই সবাই মোরে ঘিরে থামায়- গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায় । ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দূরের ক্ষুধা- এই-যে এ-সব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা । তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ।। লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই- দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই । মজেছে মন, মজল আঁখি- মিথ্যে আমায় ডাকাডাকি- ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো । আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-08