ইমন-কল্যাণ । কাওয়ালি
এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি-
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি ।।
শুনেছি মুরতি কালো, তারে না দেখা ভালো,
সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি ।।
শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে ।
সে অবধি, সই, ভয়ে ভয়ে রই- আঁখি মেলিতে ভেবে সারা হই ।
কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়-
সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি ।।