গীতবিতান
← সব গান

একি অন্ধকার এ ভারতভূমি

পর্যায়: জাতীয় সংগীত

একি অন্ধকার এ ভারতভূমি ! বুঝি, পিতা, তারে ছেড়ে গেছ তুমি । প্রতি পলে পলে ডুবে রসাতলে- কে তারে উদ্ধার করিবে ।। চারি দিকে চাই, নাহি হেরি গতি । নাহি যে আশ্রয়, অসহায় অতি । আজি এ আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে । তুমি চাও পিতা, ঘুচাও এ দুখ । অভাগা দেশেরে হোয়ো না বিমুখ- নহিলে আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে । দেখো চেয়ে তব সহস্র সন্তান লাজে নতশির, ভয়ে কম্পমান, কাঁদিছে সহিছে শত অপমান- লাজ মান আর থাকে না । হীনতা লয়েছে মাথায় তুলিয়া, তোমারেও তাই গিয়েছে ভুলিয়া, দয়াময় ব'লে আকুলহৃদয়ে তোমারেও তারা ডাকে না । তুমি চাও পিতা, তুমি চাও চাও । এ হীনতা-পাপ এ দুঃখ ঘুচাও । ললাটে কলঙ্ক মুছাও মুছাও- নহিলে এ দেশ থাকে না । তুমি যবে ছিলে এ পুণ্যভবনে কী সৌরভসুধা বহিত পবনে, কী আনন্দগান উঠিত গগনে, কী প্রতিভাজ্যোতি জ্বলিত । ভারত-অরণ্যে ঋষিদের গান অনন্তসদনে করিত প্রয়াণ- তোমারে চাহিয়া পুণ্যপথ দিয়া সকলে মিলিয়া চলিত । আজি কী হয়েছে ! চাও পিতা, চাও । এ তাপ এ পাপ এ দুখ ঘুচাও । মোরা তো রয়েছি তোমারি সন্তান যদিও হয়েছি পতিত ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-24