গীতবিতান
← সব গান

এ কি স্বপ্ন এ কি মায়া

পর্যায়: মায়ার খেলা

প্রমদা ও সখীগণের প্রবেশ অমর । এ কি স্বপ্ন ! এ কি মায়া ! এ কি প্রমদা ! এ কি প্রমদার ছায়া ।। প্রমদার প্রতি শান্তা । আহা, কে গো তুমি মলিনবয়নে আধোনিমীলিত নলিননয়নে যেন আপনারি হৃদয়শয়নে আপনি রয়েছ লীন । পুরুষগণ । তোমা তরে সবে রয়েছে চাহিয়া, তোমা লাগি পিক উঠিছে গাহিয়া, ভিখারি সমীর কানন বাহিয়া ফিরিতেছে সারা দিন ।। অমর । এ কি স্বপ্ন ! এ কি মায়া ! এ কি প্রমদা ! এ কি প্রমদার ছায়া ।। শান্তা । যেন শরতের মেঘখানি ভেসে চাঁদের সভাতে দাঁড়ায়েছে এসে, এখনি মিলাবে ম্লান হাসি হেসে- কাঁদিয়া পড়িবে ঝরি । পুরুষগণ । জাগিছে পূর্ণিমা পূর্ণ নীলাম্বরে, কাননে চামেলি ফুটে থরে থরে, হাসিটি কখন ফুটিবে অধরে রয়েছি তিয়াষ ধরি ।। অমর । এ কি স্বপ্ন ! এ কি মায়া ! এ কি প্রমদা ! এ কি প্রমদার ছায়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-24