একলা ব'সে একে একে অন্যমনে পদ্মের দল ভাসাও জলে অকারণে ।।
হায় রে, বুঝি কখন তুমি গেছ ভুলে ও যে আমি এনেছিলেম আপনি তুলে,
রেখেছিলেম প্রভাতে ওই চরণমূলে অকারণে-
কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে অন্যমনে ।।
দিনের পরে দিনগুলি মোর এমনি ভাবে
তোমার হাতে ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে যাবে ।
সবগুলি এই শেষ হবে যেই তোমার খেলায়
এমনি তোমার আলস-ভরা অবহেলায়
হয়তো তখন বাজবে ব্যথা সন্ধেবেলায় অকারণে-
চোখের জলের লাগবে আভাস নয়নকোণে অন্যমনে ।।