গীতবিতান
← সব গান

এস এস বসন্ত ধরাতলে

পর্যায়: প্রকৃতি

স্ত্রীগণ । এস' এস', বসন্ত, ধরাতলে । আন' কুহু কুহু কুহুতান, প্রেমগান, আন' গন্ধমদভরে অলস সমীরণ । আন' নবযৌবনহিল্লোল, নব প্রাণ, প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে । পুরুষগণ । এস' থরথরকম্পিত মর্মমুখরিত নবপল্লবপুলকিত ফুল-আকুল-মালতিবল্লি-বিতানে- সুখছায়ে মধুবায়ে এস' এস' । এস'অরুণচরণ কমলবরণ তরুণ ঊষার কোলে । এস' জ্যোৎস্নাবিবশ নিশীথে, কলকল্লোল-তটিনী-তীরে- সুখসুপ্ত সরসীনীরে এস' এস' ।। স্ত্রীগণ । এস' যৌবনকাতর হৃদয়ে, এস' মিলনসুখালস নয়নে, এস' মধুর শরমমাঝারে, দাও বাহুতে বাহু বাঁধি, নবীন কুসুমপাশে রচি দাও নবীন মিলনবাঁধন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-07