গীতবিতান
← সব গান

এসো এসো হে তৃষ্ণার জল

পর্যায়: প্রকৃতি

এসো এসো হে তৃষ্ণার জল, কলকল্‌ ছলছল্‌- ভেদ করো কঠিনের ক্রুর বক্ষতল কলকল্‌ ছলছল্‌ ।। এসো এসো উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে এসো হে নির্মল, কলকল্‌ ছলছল্‌ ।। রবিকর রহে তব প্রতীক্ষায় । তুমি যে খেলার সাথি, সে তোমারে চায় । তাহারি সোনার তান তোমাতে জাগায় গান, এসো হে উজ্জ্বল, কলকল্‌ ছলছল্‌ ।। হাঁকিছে অশান্ত বায়, 'আয়, আয়, আয় ।' সে তোমায় খুঁজে যায় । তাহার মৃদঙ্গরবে করতালি দিতে হবে, এসো হে চঞ্চল, কলকল্‌ ছলছল্‌ ।। মরুদৈত্য কোন্‌ মায়াবলে তোমারে করেছে বন্দী পাষাণশৃঙ্খলে । ভেঙে ফেলে দিয়ে কারা এসো বন্ধহীন ধারা, এসো হে প্রবল, কলকল্‌ ছলছল্‌ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20