এসো গো এসো বনদেবতা, তোমারে আমি ডাকি । জটার 'পরে বাঁধিয়া লতা বাকলে দেহ ঢাকি তাপস, তুমি দিবস-রাতি নীরবে আছ বসি- মাথার 'পরে উঠিছে তারা, উঠিছে রবি শশী । বহিয়া জটা বরষা-ধারা পড়িছে ঝরি ঝরি, শীতের বায়ু করিছে হাহা তোমারে ঘিরি ঘিরি । নামায়ে মাথা আধাঁর আসি চরণে নামিতেছে, তোমার কাছে শিখিয়া জপ নীরবে জপিতেছে। একটি তারা মারিছে উঁকি আঁধারভুরু-'পর, জটার মাছে হারায়ে যায় প্রভাতরবিকর । পড়িছে পাতা, ফুটিছে ফুল, ফুটিছে পড়িতেছে- মাথার মেঘ কত-না ভাব ভাঙিছে গড়িতেছে । মিলিয়া ছায়া মিলিয়া আলো খেলিছে লুকোচুরি, আলয় খুঁজে বনের বায়ু ভ্রমিছে ঘুরি ঘুরি । তোমার তপ ভাঙাতে চাহে ঝটিকা পাগলিনী- গরজি ঘন ছুটিয়া আসে প্রলয়রব জিনি, ভ্রুকুটি করি চপলা হানে ধরি অশনিচাপ। জাগিয়া উঠি নাড়িয়া মাথা তাহারে দাও শাপ । এসো হে এসো বনদেবতা, অতিথি আমি তব- আমার যত প্রাণের আশা তোমার কাছ কব । নমিব তব চরণে, দেব, বসিব পদতলে- সাহস পেয়ে বনবালারা আসিবে দলে দলে ।।