এ বেলা ডাক পড়েছে কোন্খানে
ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে ।
সেখানে স্তব্দ বীণার তারে তারে
সুরের খেলা ডুবসাঁতারে,
সেখানে চোখ মেলে যার পাই নে দেখা
তাহারে মন জানে গো, মন জানে ।
এ বেলা মন যেতে চায় কোন্খানে
নিরালায় লুপ্ত পথের সন্ধানে ।
সেখানে মিলনদিনের ভোলা হাসি
লুকিয়ে বাজায় করুণ বাঁশি,
সেখানে যে কথাটি হয় না বলা
সে কথা রয় কানে গো, রয় কানে ।