গীতবিতান
← সব গান

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান

পর্যায়: প্রেম ও প্রকৃতি

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান- একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি যখন দুখের জল বর্ষিত নয়ান- শ্রান্ত ক্লান্ত হয়ে যবে ছুটে আসিতাম, সখী, ওই মধুময় কোলে দিতে যদি স্থান- তা হলে, তা হলে, সখী; চিরজীবনের তরে দারুণযাতনাময় হ'ত না পরান । একটি কথায় তব একটু স্নেহের স্বরে যদি যায় জুড়াইয়া হৃদয়ের জ্বালা, তবে সেইটুকু, সখী, কোরো অভাগার তরে- নহিলে হৃদয় যাবে ভেঙেচুরে বালা ! একবার মুখ তুলে চেয়ো এ মুখের পানে- মুছায়ে দিয়ো গো, সখী, নয়নের জল- তোমার স্নেহের ছায়ে আশ্রয় দিয়ো গো মোরে, আমার হৃদয় মন বড়োই দুর্বল । সংসারের স্রোতে ভেসে কত দূর যাব চলে- আমি কোথা রব আর তুমি কোথা রবে । কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অন্ত, আছিল নূতন যাহা পুরাতন হবে । তখন সহসা যদি দেখা হয় দুইজনে- আসি যদি কহিবারে মরমের ব্যথা- তখন সঙ্কোচভরে দূরে কি যাইবে সরে । তখন কি ভালো করে কবে নাকো কথা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11