এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে ওহে অন্ধকারের স্বামী । এসো নিবিড়, এসো গভীর, এসো জীবন-পারে আমার চিত্তে এসো নামি । এ দেহ মন মিলায়ে যাক, হইয়া যাক হারা ওহে অন্ধকারের স্বামী । বাসনা মোর, বিকৃতি মোর, আমার ইচ্ছাধারা ওই চরণে যাক থামি । নির্বাসনে বাঁধা আছি দুর্বাসনার ডোরে ওহে অন্ধকারের স্বামী । সব বাঁধনে তোমার সাথে বন্দী করো মোরে- ওহে, আমি বাঁধন-কামী । আমার প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম, ওহে অন্ধকারের স্বামী । সকল ঝ'রে সকল ভ'রে আসুক সে চরম- ওগো, মরুক-না এই আমি ।।