গীতবিতান
← সব গান

এ পথে আমি-যে গেছি বার বার

পর্যায়: প্রেম

এ পথে আমি-যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও । আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ ।। তবু মনে মনে জানি নাই ভয়, অনুকূল বায়ু সহসা যে বয়- চিনিব তোমায় আসিবে সময়, তুমি যে আমায় চিন ।। একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা । তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা । পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল- গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে লীন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-10