গীতবিতান
← সব গান

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে। 'যাব না' 'যাব না' করি ভাসায়ে দিলাম তরী - উপায় না দেখি আর এ তরঙ্গ হতে ।। দাঁড়াতে পাই নে স্হান, ফিরিতে না পারে প্রাণ - বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে।। জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু - অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু। এত দুর ভেসে এসে ভ্রম যে বুঝেছি শেষে - এখন ফিরিতে কেন হয় গো বাসনা। আগেভাগে অভাগিনী, কেন ভাবিলি না। এখন যে দিকে চাই কূলের উদ্দেশ নাই - সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর। স্রোতপ্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে, শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-29