হার-মানা হার পরাব তোমার গলে- দূরে রব কত আপন বলের ছলে।। জানি আমি জানি ভেসে যাবে অভিমান- নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়নজলে।। শতদলদল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন-তরে। আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি, কিছুই সদিন কিছুই রবে না বাকি- পরম মরণ লভিব চরণতলে।।