গীতবিতান
← সব গান

হাটের ধুলা সয় না যে আর

পর্যায়: বিচিত্র

হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ । তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় স্নান ।। জাগাক তারি মৃদঙ্গরোল, রক্তে তুলুক তরঙ্গদোল, অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান- সব কোলাহল দিক্‌ ডুবায়ে তাহার কলতান ।। সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা কবে জানি- সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা । তোমার গানের পদ্মবনে আমার ডাকো নিমন্ত্রণে- তারি গোপন সুধাকণা আবার করাও পান, তারি রেণুর তিলকলেখা আমায় করো দান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20