গীতবিতান
← সব গান

হে ভারত আজি তোমারি সভায়

পর্যায়: জাতীয় সংগীত

হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান । তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান। এনেছি মোদের দেহের শকতি, এনেছি মোদের মনের ভকতি, এনেছি মোদের ধর্মের মতি, এনেছি মোদের প্রাণ- এনেছি মোদের শ্রষ্ঠ অর্ঘ্য তোমারে করিতে দান ।। কাঞ্চনথালি নাহি আমাদের, অন্ন নাহিকো জুটে । যা আছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে । সমারোহে আজ নাই প্রয়োজন- দীনের এ পূজা, দীন আয়োজন- চিরদারিদ্র করিব মোচন চরণের ধূলা লুটে । সুরদুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে ।। রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয় । ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব তোমারি উত্তরীয় । দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নিবচন- টাই আমাদের দিয়ো । পরের সজ্জা ফেলিয়া পরিব তোমারি উত্তরীয় । দাও আমাদের অভয়মন্ত্র, অশোকমন্ত্র তব । দাও আমাদের অমৃতমন্ত্র, দাও গো জীবন নব । যে জীবন ছিল তব তপোবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব । মৃত্যুতরণ শঙ্কাহরণ দাও সে মন্ত্র তব ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-26