গীতবিতান
← সব গান

হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগো

পর্যায়: স্বদেশ

হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে । হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নবদেবতারে- উদার ছন্দে, পরমানন্দে বন্দন করি তাঁরে । ধ্যানগম্ভীর এই-যে ভূধর, নদী-জপমালা-ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে- এই ভারতের মহামানবের সাগরতীরে । কেহ নাহি জানে কার আহ্‌বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এল কোথা হতে, সমুদ্রে হল হারা । হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন- শক-হুন-দল পাঠান-মোগল এক দেহে হল লীন । পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে । এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু-মুসলমান । এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খৃস্টান । এসো ব্রাহ্মন, শুচি করি মন ধরো হাত সবাকার । এসো হে পতিত, হোক অপনীত সব অপমানভার । মার অভিষেকে এসো এসো ত্বরা, মঙ্গলঘট হয় নি যে ভরা সবার-পরশে-পবিত্র-করা তীর্থনীরে- আজি ভারতের মহামানবের সাগরতীরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-26