গীতবিতান
← সব গান

হিংসায় উন্মত্ত পৃথিবী

পর্যায়: পূজা

হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব; ঘোর কুটিল পন্থ তার, লোভজটিল বন্ধ ।। নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী- কর' ত্রাণ মহাপ্রাণ, আন' অমৃতবাণী, বিকশিত কর' প্রেমপদ্ম চিরমধুনিষ্যন্দ । শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য, করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য ।। এস' দানবীর, দাও ত্যাগকঠিন দীক্ষা। মহাভিক্ষু, লও সবার অহঙ্কারভিক্ষা। লোক লোক ভুলুক শোক, খন্ডন কর' মোহ, উজ্জ্বল হোক ঞ্জানসূর্য-উদয়সমারোহ- প্রাণ লভুক সকল ভুবন, নয়ন লভুক অন্ধ । শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য, করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য ।। ক্রন্দনময় নিখিলহৃদয় তাপদহনদীপ্ত বিষয়বিষবিকারজীর্ণ খিন্ন অপরিতৃপ্ত । দেশ দেশ পরিল তিলক রক্তকলুষগ্লানি, তব মঙ্গলশঙ্খ আন' তব দক্ষিণপাণি- তব শুভসঙ্গীতরাগ, তব সুন্দর ছন্দ । শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য, করুণাঘন, ধরণীতল কর' কলঙ্কশূন্য ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26