গীতবিতান
← সব গান

হাঁ গো মা সেই কথাই তো বলে গেলেন

পর্যায়: চণ্ডালিকা

হাঁ গো মা, সেই কথাই তো ব'লে গেলেন তিনি, তিনি আমার আপন জাতের লোক । আমি চন্ডালী- সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা । শ্রাবণের কালো যে মেঘ তারে যদি নাম দাও 'চন্ডাল' তা ব'লে কি জাত ঘুচিবে তার, অশুচি হবে কি তার জল । তিনি ব'লে গেলেন আমায়- নিজেরে নিন্দা কোরো না, মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নাড়ীতে । ছি ছি মা, মিথ্যা নিন্দা রটাস নে নিজের, সে-যে পাপ । রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য, আমি সে দাসী নই । দ্বিজের বংশে চন্ডাল কত আছে, আমি নই চন্ডালী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03