গীতবিতান
← সব গান

জানি গো দিন যাবে এ দিন যাবে

পর্যায়: পূজা

জানি গো, দিন যাবে এ দিন যাবে । একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ।। পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে- তবুও দিন যাবে এ দিন যাবে ।। তোমার কাছে আমার এ মিনতি । যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী । কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি- তোমার কাছে আমার এই মিনতি ।। সাঙ্গ যবে হবে ধরার পালা যেন আমার গানের শেষে থামতে পারি শমে এসে- ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা । এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা- সাঙ্গ যবে হবে ধরার পালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20