যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে-
তাহাদের চেয়ে তুমি কাছে আমার হৃদয়খানিতে ।।
যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ-
তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে ।
নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয়খানিতে ।।
তোমার লাগিয়া কারেও, হে প্রভু, পথ ছেড়ে দিতে বলিব না কভু,
যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে-
সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে ।
সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদা এ মোর সাধন-
সবার সঙ্গ পারে যেন তব আরাধনা আনিতে ।
সবার মিলনে তোমার মিলন জাগিবে হৃদয়খানিতে ।।