গীতবিতান
← সব গান

জগতের পুরোহিত তুমি

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

জগতের পুরোহিত তুমি- তোমার এ জগৎ-মাঝারে এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে । ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায় । মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে চায় । পূর্ণ হল তোমার নিয়ম, প্রভু হে, তোমারি হল জয়- তোমার কৃপায় এক হল আজি এই যুগলহৃদয় । যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে সেই হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে । জগত গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল, প্রেমের বাতাস বহিতেছে- ছুটিতেছে প্রেমপরিমল । পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়- মহেশ্বর প্রেমের জগতে প্রেমের হইল আজি জয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-26