গীতবিতান
← সব গান

জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই

পর্যায়: পূজা

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই- ছাড়াতে গেলে ব্যথা বাজে । মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে ।। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা-সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা ফেলিয়া দিতে পারি না যে ।। তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া, মরণ আনে রাশি রাশি- আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবাসি । এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি, আমার ভালো তাই চাহিতে যবে যাই ভয় যে আসে মনোমাঝে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-20