গীতবিতান
← সব গান

যাত্রী আমি ওরে

পর্যায়: পূজা ও প্রার্থনা

যাত্রী আমি ওরে, পারবে না কেউ আমায় রাখতে ধ'রে ।। দুঃখসুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে, বিষয়বোঝা টানে আমায় নীচে- ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে ।। যাত্রী আমি ওরে, চলতে পথে গান গাহি প্রাণ ভ'রে । দেহদুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার, ভাল মন্দ কাটিয়ে হব পার- চলতে রব লোকে লোকান্তরে ।। যাত্রী আমি ওরে, যা-কিছু ভার যাবে সকল সরে । আকাশ আমায় ডাকে দূরের পানে ভাষাবিহীন অজানিতের গানে, সকাল-সাঁঝে আমার পরান টানে কাহার বাঁশি এমন গভীর স্বরে ।। যাত্রী আমি ওরে, বাহির হলেম না জানি কোন্‌ ভোরে । তখন কোথায় গায় নি কোনো পাখি, কী জানি রাত কতই ছিল বাকি, নিমেষহারা শুধু একটি আঁখি জেগে ছিল অন্ধকারের 'পরে ।। যাত্রী আমি ওরে, কোন্‌ দিনান্তে পৌঁছব কোন্‌ ঘরে । কোন্‌ তারকা দীপ জ্বালে সেইখানে, বাতাস কাঁদে কোন্‌ কুসুমের ঘ্রাণে, কে গো সেথায় স্নিগ্ধ দু'নয়ানে অনাদিকাল চাহে আমার তরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01