যেতে দাও যেতে দাও গেল যারা ।
তুমি যেয়ো না, তুমি যেয়ো না,
আমার বাদলের গান হয় নি সারা ।।
কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার,
বনের অঞ্চল কাঁপে চঞ্চল- অধীর সমীর তন্দ্রাহারা ।।
দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো ।
বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে,
যেমন নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ।।