গীতবিতান
← সব গান

যে আমি ওই ভেসে চলে

পর্যায়: বিচিত্র

যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে ওরই পানে দেখছি আমি চেয়ে । ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে, সবার সাথে চলেছে ও যে ধেয়ে ।। ও যে সদাই বাইরে আছে, দুঃখে সুখে নিত্য নাচে - ঢেউ দিয়ে যায়, দোলে যে ঢেউ খেয়ে । একটু ক্ষয়ে ক্ষতি লাগে, একটু ঘায়ে ক্ষত জাগে- ওরই পানে দেখছি আমি চেয়ে ।। যে আমি যায় কেঁদে হেসে তাল দিতেছে মৃদঙ্গে সে, অন্য আমি উঠিতেছি গান গেয়ে । ও যে সচল ছবির মতো, আমি নীরব কবির মতো- ওরই পানে দেখছি আমি চেয়ে । এই-যে আমি ওই আমি নি, আপন মাঝে আপনি যে রই, যাই নে ভেসে মরণধারা বেয়ে- মুক্ত আমি, তৃপ্ত আমি, শান্ত আমি, দীপ্ত আমি, ওরই পানে দেখছি আমি চেয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01