গীতবিতান
← সব গান

যে কেবল পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়

পর্যায়: বিচিত্র

যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়া যায় ইঙ্গিতে, সে কি আজ দিল ধরা গন্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে ।। ও কি তার উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি । আজি কি পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি । ও কি তার, চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে ।। না গো না, দেয় নি ধরা, হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে । মিছে এই হেলা-দোলায় মনকে ভোলায়, ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে । সে বুঝি লুকিয়া আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে, নয়নের আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে- ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-04