যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা !
আমি তোমার চরণ-
মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা ।।
কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতনরাশি-
আমি জানি গো তার মূল্য জানি, পরের আদর কাড়ব না মা ।।
মানের আশে দেশবিদেশে যে মরে সে মরুক ঘুরে-
তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সে যে পারব না মা ।।
ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়-
ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে, কারো কাছেই হারব না মা ।।