গীতবিতান
← সব গান

ঝাঁকড়া চুলের মেয়ের কথা

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি, কোন্‌ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী । সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালু আপনা-'পরে অনাদরে ধূলায় মলিনী ।। হুটোপাটি ঝগড়াঝাঁটি ছিল নিষ্কারণেই । দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে ক্ষণেই । পাগলামি তার কানায় কানায় খেয়াল দিয়ে খেলা বানায়, উচ্ছাসে কলভাষে কল'কলিনী ।। দেখা হলে যখন-তখন বিনা অপরাধে মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে । শাসন করতে যেমন ছুটি হঠাৎ দেখি ধুলায় লুটি কাজল আঁখি চোখের জলে ছল'ছলিনী ।। আমার সঙ্গে পঞ্চাশ বার জন্মশোধের আড়ি, কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি । ডাকলে তারে 'পুঁট্‌লি' ব'লে সাড়া দিত মর্‌জি হলে, ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07