যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোর হৃদয়নীরে । তলতল ছলছল কাঁদিবে গভীর জল ওই দুটি সুকোমল চরণ ঘিরে । আজি বর্ষা গাঢ়তম, নিবিড়কুন্তলসম মেঘ নামিয়াছে মম দুইটি তীরে । ওই-যে শবদ চিনি, নূপুর রিনিকিঝিনি- কে গো তুমি একাকিনী আসিছ ধীরে । যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোর হৃদয়নীরে । যদি মরণ লভিতে চাও এসো তবে ঝাঁপ দাও সলিলমাঝে । স্নিগ্ধ শান্ত সুগভীর- নাহি তল, নাহি তীর, মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে । নাহি রাত্রিদিনমান- আদি অন্ত পরিমাণ, সে অতলে গীতগান কিছু না বাজে । যাও সব যাও ভুলে, নিখিলবন্ধন খুলে ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে । যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোর হৃদয়নীরে ।