জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে পাশে ভরা নদীর ধারে ধারে হাঁসগুলি আজ সারে সারে দুলে দুলে ওই-যে ভাসে । অমনি করেই বনের শিরে মৃদু হাওয়ায় ধীরে ধীরে দিক্রেখাটির তীরে তীরে মেঘ ভেসে যায় নীল আকাশে । অমনি করেই অলস মনে একলা আমার তরীর কোণে মনের কথা সারা সকাল যায় ভেসে আজ অকারণে । অমনি করেই কেন জানি দূর মাধুরীর আভাস আনি ভাসে কাহার ছায়াখানি আমার বুকের দীর্ঘশ্বাসে ।।