মায়াকুমারীগণের প্রবেশ
সকলে । কাছে আছে দেখিতে না পাও,
তুমি কাহার সন্ধানে দূরে যাও ।।
শান্তার প্রতি
অমর । যেমন দখিনে বায়ু ছুটেছে,
কে জানে কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী, যাব-
না জানি কোথায় দেখা পাব !
কার সুধাস্বরমাঝে জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে ।
কাহার প্রাণের প্রেম অনন্ত ।
তাহারে খুঁজিব দিক-দিগন্ত ।।
প্রস্থান
মায়াকুমারীগণ । মনের মতো কারে খুঁজে মর-
সে কি আছে ভুবনে,
সে রয়েছে মনে ।
ওগো, মনের মতো সেই তো হবে
তুমি শুভক্ষণে যাহার পানে চাও ।।