গীতবিতান
← সব গান

কেমনে শুধিব বলো তোমার এ ঋণ

পর্যায়: প্রেম ও প্রকৃতি

কেমনে শুধিব বলো তোমার এ ঋণ । এ দয়া তোমার, মনে রবে চিরদিন । যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন, মনে হ'ত ধরা যেন মরুর মতন, সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার নূতন জীবন যেন করিলে সঞ্চার । একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান, কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ- দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে, নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে- সহসা উঠেছে বাজি তব করপরশনে, পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে, বিরাজিছে এ হৃদয়ে যেন নব-উষাকাল, শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল । কেমনে শুধিব বল তোমার এ ঋণ । এ দয়া তোমার, মনে রবে চিরদিন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08