কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে । ওগো, ঘরে ফিরে চলো কনককলসে জল ভ'রে ।। কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা । কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে ।। হেরো যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা, যত হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে কত ছলভরে । হেরো নদীপরপারে গগনকিনারে মেঘমেলা, তারা হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ'পরে কত ছলভরে ।।