গীতবিতান
← সব গান

কেন জাগে না জাগে না অবশ পরান

পর্যায়: পূজা

কেন জাগে না, জাগে না অবশ পরান- নিশিদিন অচেতন ধূলিশয়ান ?। জাগিছে তারা নিশীথ-আকাশে, জাগিছে শত অনিমেষ নয়ান ।। বিহগ গাহে বনে ফুটে ফুলরাশি, চন্দ্রমা হাসে সুধাময় হাসি- তব মাধুরী কেন জাগে না প্রাণে ? কেন হেরি না তব প্রেমবয়ান ?। পাই জননীর অযাচিত স্নেহ, তাই ভগিনী মিলি মধুময় গেহ, কত ভাবে সদা তুমি আছ হে কাছে, কেন করি তোমা হতে দূরে প্রয়াণ ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08